বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬   |   ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা, পারমিট এবং কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণা এড়াতে যৌথভাবে কঠোর নির্দেশনা জারি করেছে ১৩টি প্রভাবশালী দেশ। আজ বুধবার ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পক্ষ থেকে এই বিশেষ সতর্কতা বার্তা প্রচার করা হয়। যৌথ এই বিবৃতিতে আবেদনকারীদের অসাধু মধ্যস্থতাকারী এবং লাইসেন্সবিহীন এজেন্টদের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। এই দেশগুলো স্পষ্ট করে জানিয়েছে যে, ভিসার আবেদন করতে হলে প্রতিটি দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া নিখুঁতভাবে অনুসরণ করতে হবে। কোনো দেশের মিশন বা দূতাবাসই তৃতীয় কোনো এজেন্টের সাথে সংশ্লিষ্ট নয়। ফলে ভিসা পাইয়ে দেওয়ার জন্য বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন ব্যক্তিদের ওপর ভরসা করা আবেদনকারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।

১৩ দেশের এই যৌথ নির্দেশনায় বলা হয়েছে যে, জাল কাগজপত্র ব্যবহার করা বা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হতে পারে। এর বাইরে বড় ধরনের আর্থিক ক্ষতি, সংশ্লিষ্ট দেশের সীমান্তে প্রবেশে আজীবনের জন্য নিষেধাজ্ঞা এবং গুরুতর আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। আবেদনকারীদের স্বচ্ছতা নিশ্চিত করতে কেবল সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট এবং দাপ্তরিক চ্যানেলের মাধ্যমেই সব ধরনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপদ এবং স্বচ্ছ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ পথে বা ভুয়া তথ্যের ভিত্তিতে ভিসা পাওয়ার চেষ্টা হিতে বিপরীত হতে পারে, যা আবেদনকারীর ভবিষ্যৎ আন্তর্জাতিক ভ্রমণে স্থায়ী বাধা হয়ে দাঁড়াবে। মূলত দালাল ও প্রতারক চক্রের হাত থেকে বাংলাদেশি নাগরিকদের রক্ষা করতেই এই শক্তিশালী ও বিরল যৌথ বিবৃতিটি প্রকাশ করেছে প্রভাবশালী এই ১৩টি দেশ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version