বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ২৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ফেব্রুয়ারি মাসে টানা ছয় দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।

সম্প্রতি দূতাবাসের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন করে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ছয় দিনে নতুন ভিসা আবেদন জমা দেওয়া যাবে না, ভিসা আবেদন প্রত্যাহারের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না এবং ভিএফএস গ্লোবালকে সব ধরনের আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা দেওয়া কোনো আবেদনের ক্ষেত্রে যদি দূতাবাস বা কনস্যুলার বিভাগ থেকে অতিরিক্ত নথিপত্র চাওয়া হয়ে থাকে, কেবলমাত্র সেই নির্দিষ্ট কাগজপত্রগুলোই সীমিত পরিসরে গ্রহণ করা হবে।

দূতাবাস জানিয়েছে, ইতালির ভিসা ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে কেন্দ্রীয় পর্যায়ে সফটওয়্যার ও ডেটা সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। এই প্রযুক্তিগত উন্নয়ন কাজের সময় সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্বব্যাপী সব ভিসা অফিসে।

বার্তায় বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যাদের, ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা কাছাকাছি সময়ে ইতালি ভ্রমণের প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা, কাজ বা জরুরি পারিবারিক কারণে দ্রুত ভিসা দরকার, তাদেরকে ফেব্রুয়ারির শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাস মনে করিয়ে দিয়েছে, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের ক্ষেত্রে ন্যূনতম ১০ কর্মদিবস সময় লাগতে পারে, যা আবেদনকারীর ক্যাটাগরি, নথিপত্র ও কনস্যুলার যাচাইয়ের ওপর নির্ভর করে আরও বাড়তে পারে।

বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি রিইউনিফিকেশন এবং ট্যুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে ইতালিতে যাওয়ার আবেদন করেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আবেদন বন্ধ থাকায় অনেক আবেদনকারীকে তারিখ পুনর্নির্ধারণ, ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন বা অতিরিক্ত অপেক্ষার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে যাদের ফ্লাইট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরির যোগদান বা চিকিৎসাজনিত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে, তাদের জন্য এই সাময়িক বন্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দূতাবাস আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে সংশ্লিষ্ট তারিখ ভালোভাবে যাচাই করতে, জরুরি প্রয়োজনে আগে থেকেই আবেদন জমা দিতে এবং ভিএফএস গ্লোবাল বা দূতাবাসের অফিসিয়াল নোটিশ নিয়মিত অনুসরণ করতে।

প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্ত সাময়িক হলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইতালি ভ্রমণের পরিকল্পনা থাকা আবেদনকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যথাযথ পরিকল্পনা ও আগাম প্রস্তুতির মাধ্যমেই এই সময়ের ভিসা জটিলতা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version