সোমবার, ১৮ই মে, ২০২৬   |   ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় বিরল প্রজাতির ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই প্রাদুর্ভাবকে এখনই ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেনি সংস্থাটি। জেনেভাভিত্তিক এই বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ‘বুন্দিবুগিও’ ভাইরাসজনিত ইবোলা রোগটি বর্তমানে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত হয়েছে। এটি বিশ্বজুড়ে মহামারি পর্যায়ে পৌঁছানোর শর্তগুলো এখনও পূরণ করেনি বলে স্পষ্ট করলেও কঙ্গোতে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বৈশ্বিক সতর্কতার অংশ হিসেবেই মূলত এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র’ (আফ্রিকা সিডিসি)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কঙ্গোয় এখন পর্যন্ত এই বিরল প্রজাতির ইবোলা রোগে ২৪৬ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ইতিমধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই দেশটির স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপারা শহরের বাসিন্দা বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে আন্তর্জাতিক জরুরি অবস্থা জারির মূল উদ্দেশ্য হলো আক্রান্ত দেশগুলোকে দ্রুত আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া এবং প্রতিবেশী দেশগুলোতে যেন সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কঙ্গোর ওই খনি অঞ্চলগুলোতে আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে কড়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত এই ভাইরাসের সংক্রমণ রোধ করা না গেলে আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

তথ্যসূত্র: প্রথম আলো/ আর টিভি

শেয়ার
মতামত দিন...

Exit mobile version