সোমবার, ১৮ই মে, ২০২৬   |   ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রিটিশ ও ফরাসি সরকারের মধ্যকার বহুল আলোচিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ পাইলট স্কিমের মেয়াদ আগামী ১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত জুলাইয়ে স্বাক্ষরিত এই চুক্তিটির প্রাথমিক মেয়াদ আগামী ১১ জুন শেষ হওয়ার কথা থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, কোনো আশ্রয়প্রার্থী যদি ছোট নৌকায় করে অবৈধভাবে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান, তবে তাকে জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হবে। এর বিনিময়ে ফ্রান্সে অবস্থানরত এবং যারা কখনো অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেননি, এমন একজন প্রকৃত আশ্রয়প্রার্থীকে সম্পূর্ণ আইনি উপায়ে যুক্তরাজ্যে নিয়ে আসা হবে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ এই চুক্তির অধীনে ৬০৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে এবং ৫৮১ জনকে বৈধভাবে যুক্তরাজ্যে আনা হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় এবার চ্যানেল ক্রসিংয়ের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কড়াকড়ির পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোর বৈরী আবহাওয়াই নৌকা চলাচল কমে যাওয়ার মূল কারণ।

এই কড়াকড়ির কারণে মানবপাচারকারী চক্রগুলোও তাদের কৌশল ও রুট পরিবর্তন করেছে। তারা এখন ফ্রান্সের সৈকত এড়াতে বেলজিয়াম থেকে নৌকা ছাড়ছে অথবা লরির ভেতরে করে আরও বেশি খরচে যুক্তরাজ্যে মানুষ পাচার করছে। এদিকে চুক্তিটির মেয়াদ দীর্ঘায়িত হওয়ায় আশ্রয়প্রার্থীদের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে। ফ্রান্সে ফেরত পাঠানো অনেক আশ্রয়প্রার্থী নিখোঁজ হয়ে যাচ্ছেন এবং অনেকে পূর্ব ইউরোপের দেশগুলোতে ফেরত পাঠানোর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে অমানবিক আখ্যা দিলেও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই নীতি পাচারকারী চক্রের ব্যবসা ভেঙে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version