মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়া সত্ত্বেও যুদ্ধের ময়দানে সরাসরি জড়াতে নারাজ ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটে ফ্রান্সের ভূমিকা ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ম্যাক্রোঁ বলেন, মিত্রদের সহায়তায় ফ্রান্সের অবস্থান কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ। তাই ফ্রান্সের ওপর কোনো ধরনের আক্রমণ চালানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।
এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স(X)-এ জানান যে, ইরাকের এরবিলে একজন ফরাসি সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই ত্রিপক্ষীয় সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এই প্রথম কোনো ফরাসি সৈন্যের প্রাণহানির ঘটনা ঘটল।
বিশ্লেষকরা মনে করছেন, নিজ দেশের সৈন্য নিহতের পরও ম্যাক্রোঁর এই নমনীয় অবস্থান মূলত যুদ্ধ আরও ছড়িয়ে পড়া রোধ করার একটি প্রচেষ্টা। তবে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশেষ করে সামরিক মহলে এই প্রাণহানির ঘটনায় ক্ষোভ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ফ্রান্সের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলতে পারে।
