ভূমধ্যসাগরে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ভাসতে থাকা একটি নৌকা থেকে ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
তাঁদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, ক্রিটের কালোই লিমেনেস বন্দর থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে নৌকাটি থেকে আরও ১৮ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, পৃথক দুটি ঘটনায় ক্রিট দ্বীপের উপকূল থেকে আরও কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়।
বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসী ও শরণার্থীদের ইউরোপে প্রবেশের অন্যতম পছন্দের পথ গ্রিস। ২০১৫-১৬ সালের ইউরোপের অভিবাসন সংকটের সময়ও দেশটি ছিল সংকটের কেন্দ্রবিন্দুতে। ওই সময় প্রধানত তুরস্ক হয়ে প্রায় ১০ লাখ অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী গ্রিসের উপকূলীয় দ্বীপগুলোতে পৌঁছান।
এরপর সাগর ও স্থলসীমান্তে টহল জোরদারসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়ায় গ্রিসে অভিবাসীদের আগমন কমে আসে। তবে সম্প্রতি উত্তর-পূর্ব লিবিয়া থেকে সাগরপথে ক্রিট দ্বীপ হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
