শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬   |   ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের অভিবাসন, অনগ্রসরতা ও আশ্রয় সংস্থা (AIMA)-র কাজে সহায়তার জন্য চুক্তিবদ্ধ আইনজীবী ও সলিসিটরদের পারিশ্রমিক পরিশোধে বিলম্বের তীব্র সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দল ‘লিভ্রে’ (Livre)। এই বকেয়া ও প্রশাসনিক গাফিলতির বিষয়ে জবাব চেয়ে গত বুধবার সরকারের কাছে আনুষ্ঠানিক প্রশ্ন পাঠিয়েছে দলটির সংসদীয় গ্রুপ।

প্রেসিডেন্সি মন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো-কে উদ্দেশ্য করে পাঠানো এই চিঠিতে মূলত বকেয়া থাকার সুনির্দিষ্ট কারণ এবং তা দ্রুত পরিশোধের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।

লিভ্রে সংসদীয় দল পর্তুগালের জনপ্রিয় দৈনিক ‘পাবলিকো’-র একটি সাম্প্রতিক প্রতিবেদনের সূত্র ধরে এই প্রশ্ন উত্থাপন করেছে। পর্তুগালের আইনজীবী সমিতির হিসাব অনুযায়ী, আইএমএ-র অধীনে অভিবাসীদের আবাসন ও রেসিডেন্স পারমিটের আবেদন নিষ্পত্তিতে নিয়োজিত পেশাদারদের প্রায় ৮৮ হাজার ইউরো অর্থ বকেয়া পড়ে আছে।

অথচ, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঝুলে থাকা অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ‘মিশন স্ট্রাকচার’ থেকে আইমা প্রায় ১০১ মিলিয়ন ইউরো রাজস্ব সংগ্রহ করেছে। বিপুল পরিমাণ আয়ের পরও আইনজীবীদের এই সামান্য অর্থ পরিশোধে কেন বিলম্ব হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

পর্তুগালে দীর্ঘদিন ধরে আটকে থাকা অভিবাসীদের ফাইলগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য আইনজীবী সমিতির সাথে বিশেষ চুক্তি করেছিল আইমা। তবে সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় কাজের গতি ব্যাহত হওয়া এবং অভিবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: অবজারভাডর 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version