আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ইউরোপে লিঙ্গ বৈষম্য নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনার ফর ইকুয়ালিটি, হাজা লাহবিব । ইউরো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমান গতিতে চললে পূর্ণাঙ্গ লিঙ্গ সমতা অর্জন করতে ইউরোপের আরও অন্তত ৫০ বছর সময় লেগে যাবে।
হাজা লাহবিব বলেন, “নারীরা যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে দূরে থাকে, তবে বৈষম্য সিস্টেমের ভেতরেই গেড়ে বসে।” তিনি উল্লেখ করেন, শ্রমবাজারে এই লিঙ্গ বৈষম্যের কারণে ইউরোপীয় দেশগুলোকে প্রতি বছর প্রায় ৩৯০ বিলিয়ন ইউরো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত খাতে নারীদের অংশগ্রহণ মাত্র ৩৩.৫%। ইউরোপীয় কমিশনের লক্ষ্য, এই খাতে দ্রুত অন্তত ১০ লাখ নারীকে যুক্ত করা।
সাক্ষাৎকারে হাজা লাহবিব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ইউরোপের প্রস্তুতির কথাও জানান। তিনি নিশ্চিত করেছেন যে, গালফ অঞ্চলে আটকে পড়া হাজার হাজার ইউরোপীয় নাগরিককে ফিরিয়ে আনা এখন কমিশনের প্রধান অগ্রাধিকার। ইতোমধ্যে ‘ইইউ সিভিল প্রটেকশন মেকানিজম’-এর মাধ্যমে ১৫টি সদস্য দেশকে সহায়তা করা হয়েছে এবং বুলগেরিয়া, ইতালি, অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
কমিশনার আরও জানান, যেকোনো বড় ধরনের মানবিক বিপর্যয় মোকাবিলায় ইউরোপীয় কমিশন তাঁবু, স্লিপিং ব্যাগ এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম মজুদ করে রেখেছে। একই সঙ্গে তিনি ইরানের কারণে সৃষ্ট ‘পারমাণবিক ঝুঁকি’, সামুদ্রিক দূষণ এবং গণ-অভিবাসন নিয়ে সতর্ক দৃষ্টি রাখার ওপর জোর দিয়েছেন।
