সোমবার, ১১ই মে, ২০২৬   |   ২৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিবেশী দেশ ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশ যখন শুল্কমুক্ত সুবিধা হারাবে, ঠিক তখনই ভারত এই সুবিধা নিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত এই ‘মাদার অব অল ডিলস’ আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে, যার ফলে ভারতের ৯৬.৬ শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে ইইউ।

ইইউ-ভারত চুক্তির প্রভাবে ইতিমধ্যে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের অর্ডার বাংলাদেশ থেকে ভারতে সরিয়ে নিতে শুরু করেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহৎ ক্রেতা এইচঅ্যান্ডএম তাদের অর্ডার শিফট করছে। গত বছরের তুলনায় এবার তারা বাংলাদেশে অর্ডার না বাড়িয়ে বরং কমিয়েছে, যা ভারতের দিকে তাদের অগ্রসর হওয়ার স্পষ্ট ইঙ্গিত। বিজিএমইএ-র পক্ষ থেকেও জানানো হয়েছে যে, দ্রুত পদক্ষেপ না নিলে আরও অনেক ক্রেতা বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারে।

বর্তমানে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির শেয়ার ভারতের তুলনায় চার গুণেরও বেশি হলেও, নতুন এই চুক্তির ফলে সমীকরণ বদলে যেতে পারে। ভারতের নিজস্ব বিশাল তুলার মজুত ও শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ রয়েছে। কাঁচামালের সহজলভ্যতা এবং শুল্কমুক্ত প্রবেশাধিকার—এই দুইয়ের সমন্বয়ে ভারত ইউরোপের বাজারে বড় ভাগ বসাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের জ্বালানি সংকট, ব্যাংকিং জটিলতা এবং বন্দর ও অবকাঠামোগত দুর্বলতা এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

এই সংকট মোকাবিলায় ইইউ-এর সঙ্গে বাংলাদেশেরও একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা এখন সময়ের দাবি। ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (ইউরোচ্যাম) মতে, ভিয়েতনাম ও ভারত ইতিমধ্যে এই চুক্তি করে ফেলায় বাজার ধরে রাখতে বাংলাদেশেরও একই পথে হাঁটা ছাড়া বিকল্প নেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, অন্তত এফটিএ-র আলোচনা শুরু করার বার্তা বায়ারদের কাছে পৌঁছাতে পারলে তাদের শঙ্কা কাটবে। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও কাস্টমস জটিলতা কমিয়ে অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তারা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪

শেয়ার
মতামত দিন...

Exit mobile version