রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল ধমনী হিসেবে পরিচিত একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনের পাশে শক্তিশালী বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুসিক রবিবার সকালে এক জরুরি ঘোষণায় জানান, পাইপলাইনটি লক্ষ্য করে বড় ধরনের নাশকতার ছক কষা হয়েছিল। এই ঘটনার পরপরই হাঙ্গেরি সরকার এক বিশেষ ‘প্রতিরক্ষা পরিষদ’ গঠন করেছে।
উত্তর সার্বিয়ার কাঞ্জিজা এলাকায় গ্যাস পাইপলাইন থেকে মাত্র কয়েকশ মিটার দূরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। তল্লাশি চালিয়ে সেখানে ‘ডেটোনেটরসহ বিস্ফোরকের দুটি বড় প্যাকেট’ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধারকৃত এই ‘বলকান স্ট্রিম’ পাইপলাইনটি মূলত তুর্কস্ট্রিমের একটি অংশ, যা সরাসরি রাশিয়া থেকে সার্বিয়া ও হাঙ্গেরিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে।
বিস্ফোরকগুলো কারা এবং কেন রেখেছিল, সে বিষয়ে প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুসিক বিস্তারিত কিছু না বললেও ‘নির্দিষ্ট কিছু চিহ্ন’ পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে অবহিত করেছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের জ্বালানি অবকাঠামো নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে।
হাঙ্গেরি ও সার্বিয়া উভয় দেশই রাশিয়ার সাশ্রয়ী গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হাঙ্গেরি সরকার বারবার অভিযোগ করে আসছে যে, তাদের আসন্ন সাধারণ নির্বাচনের আগে জ্বালানি সংকট সৃষ্টির মাধ্যমে প্রশাসনকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, বাজার মূল্যের অর্ধেক দামে গ্যাস পাওয়া সার্বিয়ার জন্য এই পাইপলাইনটি লাইফলাইন হিসেবে পরিচিত। কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হলে পুরো অঞ্চলটি ভয়াবহ জ্বালানি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
