রবিবার, ১৫ই মার্চ, ২০২৬   |   ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেতন ও পেনশন সংক্রান্ত বিবাদের জেরে দুই দিনের এয়ারলাইন ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে হাজার হাজার ব্রিটিশ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

লুফথানসার পাইলটদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। এর ফলে আজ (শনিবার) ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত এয়ারলাইনটি তাদের ফ্লাইট সূচির একটি বিশাল অংশ বাতিল করতে বাধ্য হয়েছে।

লুফথানসার মোট ফ্লাইটের প্রায় ৫০ শতাংশ বাতিল করা হয়েছে, যার মধ্যে দূরপাল্লার ফ্লাইট রয়েছে ৪০ শতাংশ। ইউনিয়ন প্রধান আন্দ্রেয়াস পিনহেইরো জানিয়েছেন, এর ফলে প্রতিদিন প্রায় ৩০০টি করে মোট ৬০০টি ফ্লাইট বাতিল হয়েছে। মিউনিখ এবং ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর সবচাইতে বেশি ফ্লাইট বাতিলের কবলে পড়েছে। যার ফলে যুক্তরাজ্য থেকে ভ্রমণকারী হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন।

লুফথানসা এক বিবৃতিতে জানিয়েছে: “লুফথানসা যাত্রীদের ওপর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য নিবিড়ভাবে কাজ করছে এবং ধর্মঘটের দুই দিনের জন্য একটি বিশেষ ফ্লাইট সূচি প্রকাশ করেছে। 

ক্ষতিগ্রস্ত যাত্রীরা অর্থ ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন অথবা ২৩ মার্চ পর্যন্ত বিনামূল্যে তাদের ফ্লাইটের তারিখ পরিবর্তন করে নিতে পারেন।

তবে গত ফেব্রুয়ারির ধর্মঘটের তুলনায় এবার বাতিলের সংখ্যা অনেক কম। সেই সময় এয়ারলাইনটি তাদের ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল, যার ফলে ২ লক্ষ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

উল্লেখ্য যে, ইরান সংকটের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোকে ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান হামলার কারণে সেখানে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চলমান সংকটের কারণে গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে ৩২,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version