বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬   |   ৩০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের সামরিক স্থাপনাসহ আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা জোরদার করছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য বহুমুখী হুমকি নিয়ে বার্ষিক বক্তৃতায় এ সতর্কবার্তা দেন ম্যাককালাম।

ব্রিটিশ বিমানবাহিনীর ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে গত সেপ্টেম্বরে ঘটে যাওয়া একটি সন্দেহজনক ঘটনার তদন্ত চলায় এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। তবে ম্যাককালাম বলেন, চলতি বছর সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর বিষয়ে ইরানের উচ্চাকাঙ্ক্ষায় বড় পরিবর্তন দেখা গেছে। ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন নয়; যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার নজির রয়েছে।

এর আগে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছিলেন, ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে কথিত ষড়যন্ত্রটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় পরিচালিত হয়ে থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি।

ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ফেয়ারফোর্ড ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ব্যবহার করে। চলতি বছর ইরানে হামলা চালাতেও ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে সন্দেহজনক তিনটি ভ্যানের উপস্থিতির পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলেও তাঁদের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি।

ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছে ইরান।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version