বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬   |   ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা প্রায় ১৭৫ অভিবাসীবাহী একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় দুই সপ্তাহ ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের ২৪ নভেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে কাঠের তৈরি নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করে। স্থানীয়ভাবে এ ধরনের নৌকাকে ‘পিরোগ’ বলা হয়। এতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে।

তবে মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপের হিসাবে, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ১৭২। সংগঠনটি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আরও জোরালো তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর আহ্বান জানিয়েছে।

এদিকে সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকায় থাকা ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সমুদ্রযাত্রার আগেই থামানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনেই ৮ হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার এই পথ অত্যন্ত বিপজ্জনক। অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই স্পেনে সমুদ্রপথে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এ পথে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version