ইউরোপে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস কর্মসূচির আওতায় ৩৭টি নতুন যৌথ মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করা হয়েছে। এসব প্রোগ্রামে মেধার ভিত্তিতে পূর্ণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।
ইউরোপীয় কমিশন গত ১৬ জুলাই নতুন প্রোগ্রামগুলো নির্বাচনের ঘোষণা দেয়। ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এসব কোর্সের জন্য ২০২৬ সালের শরৎকাল থেকে আবেদন নেওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি প্রোগ্রামের আবেদনের সময়সীমা আলাদা।
নতুন নির্বাচিত প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, অ্যানিমেশন, পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, ন্যানো-ইঞ্জিনিয়ারিং এবং সংক্রামক রোগবিষয়ক বিভিন্ন বিষয়।
এদিকে ইরাসমাস মুন্ডাসের বিদ্যমান ‘ইউরোকালচার জয়েন্ট মাস্টার্স’ প্রোগ্রামে ২০২৭–২৯ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। এ প্রোগ্রামে ফুল স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।
কী কী সুবিধা পাওয়া যাবে
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে টিউশন ফির পাশাপাশি ভ্রমণ, ভিসা ও জীবনযাত্রার খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সাধারণভাবে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৪০০ ইউরো করে ভাতা পান। দুই বছরের কোর্সে এ ভাতার মোট পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ৬০০ ইউরো।
ইউরোকালচার স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা এবং ২৪ মাস ধরে প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা দেওয়া হবে।
তবে সব প্রোগ্রামে স্কলারশিপের সুবিধা ও আবেদনের সময়সীমা এক নয়। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্কলারশিপ নিশ্চিত হবে না।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি শিক্ষার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলে ইরাসমাস মুন্ডাসের বিভিন্ন প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন। কিছু প্রোগ্রামে স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
তবে ইউরোকালচার স্কলারশিপের ক্ষেত্রে ২০২৭ সালের ১৫ জানুয়ারির মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার প্রমাণ জমা দিতে হবে।
ইউরোকালচার মূলত আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, গণযোগাযোগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য উপযোগী।
আইইএলটিএস স্কোর কত লাগবে
ইউরোকালচার প্রোগ্রামে আবেদনের জন্য আইইএলটিএস একাডেমিকে ন্যূনতম ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে। প্রতিটি অংশেও অন্তত ৬ দশমিক ৫ পেতে হবে। তবে কর্তৃপক্ষ অনুমোদিত বিকল্প ইংরেজি দক্ষতার পরীক্ষার ফলও গ্রহণ করে।
যেসব শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে শেষ করেছেন, তাঁরা প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ভাষা পরীক্ষার শর্ত থেকে ছাড় পেতে পারেন।
যেভাবে আবেদন করবেন
ইরাসমাস মুন্ডাসের সব প্রোগ্রামের জন্য কোনো অভিন্ন আবেদন পোর্টাল নেই। আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে।
ইউরোকালচার প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষাগত সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং অন্তত ২ হাজার শব্দের একটি একাডেমিক লেখার নমুনা জমা দিতে হবে। পাশাপাশি দুজন সুপারিশকারীর যোগাযোগের তথ্য দিতে হবে।
এ প্রোগ্রামে আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। স্কলারশিপের ফল ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ প্রকাশ করার কথা রয়েছে।
ইউরোকালচারে আবেদনের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে এই ওয়েবসাইটে
