হাঙ্গেরির উত্তর-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোররাতে মেজোকেভেসদ এবং মেজোনাগ্যমিহালির মধ্যবর্তী এম-৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
হাঙ্গেরির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পোল্যান্ডের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন। ভোর ৩টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির ভেতর থেকে ৩৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বেশ কয়েকজন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ছিলেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এম-৩ মহাসড়কে পোল্যান্ডের একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে যাওয়ার ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।’ প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানান।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পোলিশ প্রশাসন হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরোকি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমি প্রার্থনায় শামিল হচ্ছি এবং নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’
হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী গাবর পোসফাই জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ভ্রমণ করছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
