সোমবার, ৯ই মার্চ, ২০২৬   |   ২৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়ন এবার চরম সংঘাতের রূপ নিয়েছে। ইউক্রেনের দুটি সাঁজোয়া যানের একটি বহর থেকে বিপুল পরিমাণ নগদ ইউরো এবং স্বর্ণের বার জব্দ করেছে হাঙ্গেরির শুল্ক ও কর বিভাগ। এই ঘটনায় ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একজন সাবেক জেনারেলসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য নিশ্চিত করেছে।

হাঙ্গেরির জাতীয় শুল্ক ও কর বিভাগের দেওয়া তথ্যমতে, জব্দকৃত কনভয়ে তল্লাশি চালিয়ে ৪ কোটি ডলার এবং ৩ কোটি ৫০ লাখ ইউরো নগদ অর্থের পাশাপাশি ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে বুদাপেস্ট। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন খাদের কিনারায়।

ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাংক ‘ওশাদব্যাংক’ দাবি করেছে, এই অর্থ ও স্বর্ণ অস্ট্রিয়া থেকে ইউক্রেনে একটি রুটিন ট্রিপের মাধ্যমে নেওয়া হচ্ছিল। আকাশপথে বিধিনিষেধ থাকায় স্থলপথ ব্যবহার করা হয়েছিল বলে তাদের দাবি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের রাজনৈতিক পরিচালক বালাজ অরবান এই লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “সাঁজোয়া যান ভর্তি নগদ টাকা ও স্বর্ণ নিয়ে সীমান্ত পার হওয়া কোনো স্বাভাবিক পদ্ধতি নয়। আসল প্রশ্ন হলো, এই অর্থের উৎস কী এবং এটি দিয়ে কী অর্থায়ন করা হচ্ছে?”

এই ঘটনাকে ‘টাকা চুরি ও মানুষকে জিম্মি করা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা। তার মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নিতেই প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই নাটক সাজিয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version