বুধবার, ১৩ই মে, ২০২৬   |   ৩০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথমবারের মতো লন্ডন থেকে সুইজারল্যান্ডে সরাসরি ট্রেন সার্ভিস চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ইউরোপের দ্রুতগতির রেল সেবা ‘ইউরোস্টার’, সুইজারল্যান্ডের ‘SBB’ এবং ফ্রান্সের ‘SNCF Voyageurs’ এই তিন সংস্থা মিলে সরাসরি এই সংযোগ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে ভবিষ্যতে লন্ডন থেকে জুরিখ বা জেনেভা পৌঁছাতে পর্যটকদের আর ট্রেন পরিবর্তনের ঝামেলা পোহাতে হবে না।

বর্তমানে লন্ডন থেকে জুরিখ যেতে হলে প্যারিসে ট্রেন পরিবর্তন করতে হয়, যাতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় ব্যয় হয়। নতুন সরাসরি সার্ভিস চালু হলে লন্ডন থেকে জুরিখ পৌঁছাতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা এবং জেনেভা পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। ফ্রান্সের ওপর দিয়ে চলাচলকারী এই ট্রেনটি আকাশপথের বিকল্প হিসেবে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

ইউরোস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি এই সার্ভিসটি চালু করা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সীমান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, অবকাঠামোগত পরিবর্তন এবং বিভিন্ন আন্তঃসরকার চুক্তির মতো বিষয়গুলো নিষ্পত্তি করতে বেশ সময় প্রয়োজন। ফলে এই সরাসরি রেল সেবাটি ২০৩০ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা বেশ কম।

সুইজারল্যান্ড ছাড়াও ইউরোপের অন্যান্য প্রান্তেও রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এবং ডেনমার্কের কোপেনহেগেনের মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে গত ১ মে ২০২৬ থেকে। বর্তমানে জার্মানিতে রেল ট্র্যাক সংস্কারের কাজ চলায় এই ট্রেনটি বার্লিন ও হামবার্গের মধ্য দিয়ে কিছুটা ঘুরে যাতায়াত করছে। প্রাগ থেকে সকাল ৬:৩১ মিনিটে ছেড়ে আসা ট্রেনটি প্রায় ১৩ ঘণ্টার যাত্রা শেষে সন্ধ্যা ৭:৩৮ মিনিটে কোপেনহেগেনে পৌঁছাচ্ছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version