রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬   |   ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন ও আশ্রয় নীতিবিরোধী পূর্বনির্ধারিত একটি মিছিল স্থানীয় কর্তৃপক্ষ নিষিদ্ধ করার পর নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে উগ্র ডানপন্থি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে ডাচ দাঙ্গা পুলিশ। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ও আতশবাজি নিক্ষেপ করা হলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার দ্য হেগ শহরের কেন্দ্রস্থলে মালিভেল্ড পার্কে বিক্ষোভকারীরা সমবেত হওয়ার পর সেখানে সহিংসতা শুরু 

হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পৌর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মিছিলটি নিষিদ্ধ করে এবং জমায়েত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বিচারমন্ত্রী ডেভিড ভ্যান ওয়েল ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, বিক্ষোভকারীদের মধ্য থেকে অনেকে নাৎসি স্যালুট প্রদর্শন করেছেন, ইহুদিবিদ্বেষী স্লোগান দিয়েছেন, পুলিশের ওপর হামলা চালিয়েছেন এবং দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়ে মেরেছেন। 

তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আইনের শাসন রক্ষায় আবারও যাঁরা রুখে দাঁড়িয়েছেন, সেই সমস্ত পুলিশ কর্মকর্তার প্রতি ধন্যবাদ।’

উল্লেখ্য, ঠিক এর এক বছর আগেও দ্য হেগ শহরে ডানপন্থি একটি বিক্ষোভকে কেন্দ্র করে বড় ধরনের দাঙ্গা হয়েছিল। সে সময় কালো পোশাকধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি পুলিশ গাড়িতে আগুন দেওয়া হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী রব ইয়েটেনের নেতৃত্বাধীন মধ্যপন্থি দল ডি৬৬-এর সদর দপ্তরে হামলা চালানো হয়েছিল।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version