চার দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর বিদেশে এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সফর শেষে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে ফিরেছেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কয়েক মাস ধরে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে।
৯৩ বছর বয়সী বিয়া সুইজারল্যান্ডের জেনেভা থেকে ভাড়া করা একটি বিমানে রাজধানী ইয়াউন্ডের এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি টানা ১০ সপ্তাহেরও বেশি সময় দেশের বাইরে ছিলেন।
বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান বিয়া গত ৭ জুন ক্যামেরুন ছাড়েন। সে সময় দেশটির বেসামরিক মন্ত্রিসভা জানায়, তিনি ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ ইউরোপ যাচ্ছেন।
ফার্স্ট লেডি চান্তাল বিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (জিএমটি ১৫টা ৪৫ মিনিট) বিমানবন্দরে পৌঁছান প্রেসিডেন্ট। সেখান থেকে গাড়িতে করে তিনি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইউনিটি প্যালেসের উদ্দেশে রওনা হন।
রাজধানীর বিভিন্ন সড়কে তাকে স্বাগত জানাতে শাসক দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের শত শত সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। আধখোলা গাড়ির জানালা দিয়ে হাত নেড়ে তিনি তাদের অভিবাদনের জবাব দেন। সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা ও প্রেসিডেন্টের প্রশংসাসূচক ব্যানার।
বিয়ার দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছিল। যদিও কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করেছিল, তিনি শিগগিরই দেশে ফিরবেন।
তার এই দীর্ঘ অনুপস্থিতি রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। ক্যামেরুনে রাষ্ট্রীয় ক্ষমতা এখনও মূলত প্রেসিডেন্টকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সাময়িকভাবে অন্য কারও হাতে দেওয়া উচিত কি না, তা খতিয়ে দেখতে বিরোধী নেতারা সাংবিধানিক পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিষদ কোনো পদক্ষেপ নেয়নি।
ক্যামেরুনের সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ না থাকলে প্রেসিডেন্টের মৃত্যু, পদত্যাগ বা স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে পদ শূন্য ঘোষণা করা হলে সিনেটের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।
গত এপ্রিলে ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহাল করা হলেও বিয়া এখনও এ পদে কাউকে নিয়োগ দেননি। সমালোচকদের আশঙ্কা, স্পষ্ট উত্তরাধিকার কাঠামোর অভাবে ভবিষ্যতে বিয়া দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
