পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড কিংবা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী হতে পারে।
দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে।
নির্দেশনায় বাংলাদেশিদের পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করতে বলা হয়েছে।
এ ছাড়া অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক কনটেন্ট থেকে বিরত থাকার এবং অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই সংযত ও আইনসম্মত আচরণের আহ্বান জানানো হয়েছে।
পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
