মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেনজেন ভিসাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এক সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (২৭ এপ্রিল) সকালে জার্মান দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা পাওয়ার পর আবেদনকালে জমা দেওয়া মূল ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে শেনজেন ভিসা প্রাপ্তিতে বড় ধরণের জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনের সময় উল্লেখিত নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সফর সম্পন্ন করতে হবে। দূতাবাস আরও জানায়, যদি কোনো ভ্রমণকারী নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করেন কিংবা উদ্দেশ্য পরিবর্তন করেন, তবে পরবর্তী সময়ে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি রয়েছে। মূলত ভিসার শর্তাবলী যথাযথভাবে পালন নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

দূতাবাস পরামর্শ দিয়েছে যে, ভিসাপ্রাপ্তদের উচিত তাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ নিশ্চিত করা। তবে অনিবার্য কারণে যদি ভ্রমণ পরিকল্পনায় কোনো বড় ধরণের পরিবর্তনের প্রয়োজন হয়, তবে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগে অবহিত করতে হবে। ইউরোপ গমনেচ্ছুদের মাঝে স্বচ্ছতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা নিশ্চিত করতেই এই স্বচ্ছ নির্দেশিকা প্রদান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version