সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কারজার্স নামক একটি ছোট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে ঘটানো একটি নাশকতামূলক কাজ হতে পারে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বাসটির জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা কয়েক মিটার উঁচুতে উঠে যাচ্ছে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্রাইবুর্গ ক্যান্টনের পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়েছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা না কি অন্য কিছু, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে ওই পথ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার পরপরই জরুরি সেবা দল, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। তদন্তকারীরা এখন প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করছেন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছেন।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
