বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬   |   ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ। দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিতে এ বৃত্তি পরিচালনা করে ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকৃষ্ট করাই এ বৃত্তির মূল লক্ষ্য। তবে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

আইফেল স্কলারশিপে আবেদনের বয়সসীমা শিক্ষার স্তর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স পর্যায়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আইফেল স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করতে পারবেন না। এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি আবেদন গ্রহণ করা হয় না। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে আবেদন বাতিল হতে পারে।

আবেদনের প্রথম ধাপে নিজের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্রম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের শেষ সময় সম্পর্কে জানতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষার্থীর পক্ষে ক্যাম্পাস ফ্রান্সে আনুষ্ঠানিক আবেদন জমা দেবে।

আবেদনের শেষ তারিখ

বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্যাম্পাস ফ্রান্সে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য এর আগেই আবেদনের সময়সীমা নির্ধারণ করতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত পছন্দের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য

আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ওয়েবসাইটে। বৃত্তি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ফেসবুক পেজেও।

আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত, অভ্যন্তরীণ সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version