বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬   |   ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তার অংশ হিসেবে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান পাঠানো হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথের হামলা থেকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক অভিযান চালাবে এসব যুদ্ধবিমান। তবে হুতিদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযান চালানো হবে না।

এ ছাড়া সৌদি আরবের ভেতরে সামরিক সরঞ্জাম পরিবহনে সহায়তার জন্য একটি সামরিক পরিবহন বিমান পাঠাবে যুক্তরাজ্য। সৌদি সামরিক কর্মকর্তাদের সহায়তায় কাজ করবেন ব্রিটিশ সামরিক উপদেষ্টারাও।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে রিয়াদের বিমানবন্দরে হামলা থেকে বোঝা যায়, হুতিরা আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরু থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সাম্প্রতিক একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে। তেলবাহী জাহাজে হামলার পাশাপাশি লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি। এ অঞ্চল তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। এসব হামলা ও অবরোধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুতিরা।

২০১৫ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে কয়েক বছরের যুদ্ধবিরতি ভেঙে গত সেপ্টেম্বরে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে।

সৌদি আরব, ইয়েমেনের সরকার ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হুতিদের সহায়তা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version