বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬   |   ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে সম্প্রতি সহিংসতা ও লুটপাটের সময় চুরি যাওয়া জিনিসপত্র অনলাইনে বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর প্রতি কড়া নির্দেশ দিয়েছেন দেশটির ডিজিটাল মন্ত্রী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি থাকতে দেশটির বিভিন্ন স্থানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যেখানে হাজার হাজার দোকান ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত হয়েছে। স্কুলগুলোতে উন্নত পরিবেশের দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের পর এই অস্থিরতা ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সহিংসতায় ৩ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে সপ্তাহান্তে হওয়া ওই অস্থিরতার সময় চুরি যাওয়া বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল।

ডিজিটাল মন্ত্রী আন লে হেনানফ (Anne Le Henanff) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘এই সপ্তাহের ছুটির দিনে চুরি হওয়া জিনিসপত্র নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে বিক্রির জন্য দেওয়া হচ্ছে। আমরা আশা করি এই প্ল্যাটফর্মগুলো অবিলম্বে প্রশ্নবিদ্ধ বিজ্ঞাপন বা লিস্টিংগুলো সরিয়ে নেবে।’
তিনি স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ে ছয়টি প্রধান প্ল্যাটফর্মের প্রতিনিধিদের একটি বৈঠকে তলব করেন। তিনি আরও যোগ করেন, ‘চুরি যাওয়া পণ্য যারা পুনরায় বিক্রি করছে তাদের বিচারের আওতায় আনতে এই প্ল্যাটফর্মগুলোকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে।’

ফরাসি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ভিন্টেড (Vinted), অ্যামাজন, ইবে (eBay), লেবোনকয়েন (Leboncoin), মেটা এবং টিকটক ছাড়াও ফরাসি অনলাইন রিটেইল অ্যাসোসিয়েশন ফেভাদ (Fevad)-এর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

বার্তা সংস্থা এএফপির সঙ্গে যোগাযোগ করা হলে ভিন্টেড জানায় যে তারা এ ধরনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করে এবং আইন প্রয়োগকারী ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে ‘সক্রিয়ভাবে সহযোগিতা’ করছে। ভিলনিয়াসভিত্তিক এই সেকেন্ড-হ্যান্ড প্ল্যাটফর্মটি জানায়, ‘এই সপ্তাহের শুরু থেকেই আমাদের দলগুলো চুরি হওয়া পণ্যের তালিকা শনাক্ত ও অপসারণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিয়েছে এবং সন্দেহজনক লিস্টিংয়ের ওপর নজরদারি জোরদার করেছে।’

তবে ইবে জানিয়েছে, সপ্তাহান্তের চুরির সঙ্গে সম্পর্কিত লিস্টিং বা বিজ্ঞাপন বাড়ার বিষয়টি তারা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছে না। অনলাইন নিলাম প্ল্যাটফর্মটি দাবি করেছে যে তারা চুরি যাওয়া পণ্যের বিক্রি শনাক্ত করতে ‘সক্রিয় প্রযুক্তিগত সরঞ্জাম’ ব্যবহার করছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version