বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬   |   ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে ভয়াবহ দাঙ্গার মধ্যে চারপাশে আগুন জ্বললেও নির্বিকারভাবে ওয়াইন পান ও ধূমপান করতে দেখা গেছে এক যুগলকে। অন্যদিকে, ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে দাঙ্গাকারীদের পাশ কাটিয়ে জগিং করেছেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, প্যারিসের বিখ্যাত আর্ক দ্য ত্রিয়ঁফের কাছে একটি খোলা রেস্তোরাঁর টেবিলে বসে গল্প করছেন এক নারী ও পুরুষ। এ সময় তাঁরা পানীয় পান ও ধূমপান করছিলেন। তাঁদের পেছনেই অল্প দূরত্বে আগুন জ্বলতে দেখা যায়।

প্যারিসে ধারণ করা আরেকটি ভিডিওতে শনিবার (১৭ অক্টোবর) ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে এক নারীকে নির্বিকারভাবে জগিং করতে দেখা যায়। পুড়তে থাকা বৈদ্যুতিক বাইসাইকেলের স্তূপ ও বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে দৌড়াতে থাকেন তিনি। আশপাশের সহিংস পরিস্থিতিতেও তাঁকে বিচলিত হতে দেখা যায়নি।

রোববার (১৮ অক্টোবর) প্যারিসের রু দ্য রিভোলিতে ক্ষতিগ্রস্ত জানালার একটি ক্যাফের বাইরের বসার জায়গায় আরেক যুগলকে পানীয় পান করতে দেখা যায়। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পরদিন তাঁদের এভাবে বসে থাকতে দেখা যায়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবার মানের অবনতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেয়। শনিবার ফ্রান্সজুড়ে সহিংসতা ও লুটপাটের ঘটনায় প্রায় ২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। শুধু প্যারিসেই গ্রেপ্তার হন ৮৫৫ জন।

সেদিন বিভিন্ন স্থানে সহিংস গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। বিলাসবহুল পণ্যের দোকানেও লুটপাট চালানো হয়।

রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সহিংসতার নিন্দা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ ঘটনার জন্য উগ্র বামপন্থী গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোকে দায়ী করেন তিনি।

তবে আগামী বছর দায়িত্ব ছাড়ার কথা থাকা মাখোঁ সোমবার তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে ফ্রান্স ত্যাগ করেন। এতে তাঁর বিরুদ্ধে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ ওঠে।

এদিকে, সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেন। এর আওতায় প্যারিসের কিছু এলাকা এবং ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কয়েকটি এলাকাও রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version