ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দো শহরের কাছে লাগা একটি বিশাল বনভূমি বা ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে আসার পর দেশটির ‘লে পোর্জ’ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত শেল ও গোলাবারুদের সন্ধান মিলেছে।
টানা কয়েক দিন ধরে মাইন নিষ্ক্রিয়করণ অভিযান চালানোর পর গত সোমবার (৩ আগস্ট) গ্রামটির সব বাসিন্দা তাঁদের বাড়িঘরে ফিরে এসেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দাবানলে ১৮০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে যাওয়া ওই এলাকায় প্রায় ৪০০টি শেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ফায়ার কমান্ডার থমাস মিমিয়াগ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। প্রাথমিকভাবে দমকলকর্মীরা সেগুলোকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ভুল করেছিলেন, তবে পরে জানা যায় যে সেগুলো আসলে ওই শেলগুলোর বিস্ফোরণ ছিল।
উদ্ধারকৃত গোলাবারুদগুলোর মধ্যে জার্মানি এবং ফ্রান্স—উভয় দেশের অস্ত্রই রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই মর্টার শেল, এ ছাড়া কিছু উচ্চ-বিস্ফোরক অ্যান্টি-ট্যাংক শেলও রয়েছে।
মিমিয়াগ বলেন, ‘আমরা সত্যিই জানি না কেন সেগুলো সেখানে ছিল; আমাদের ধারণা, যুদ্ধের সময় এগুলো কেবল ফেলে রেখে যাওয়া হয়েছিল।’
চলতি গ্রীষ্মের শুরু থেকেই ফ্রান্সে বিশেষ করে বোর্দো অঞ্চলে অসংখ্য দাবানলের ঘটনা ঘটেছে। সেখানে ১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ এই দাবানলটি প্রায় ১০ দিন ধরে তাণ্ডব চালানোর পর অবশেষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলে ৪০ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেলেও, সৌভাগ্যবশত তা অঞ্চলের বড় বড় আঙুর খেত বা ওয়াইন স্টেটগুলোতে পৌঁছাতে পারেনি।
