প্যারিসে দুই চাকার বাহনগুলোর দুর্ঘটনায় আহত হওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পর ই-স্কুটার (বৈদ্যুতিক স্কুটার) চালকদের জন্য হেলমেট এবং প্রতিফলক জ্যাকেট বা সরঞ্জাম পরা বাধ্যতামূলক করেছে পুলিশ।
গত শনিবার (৮ আগস্ট) প্যারিস পুলিশের পক্ষ থেকে এই নতুন নিয়মের ঘোষণা দেওয়া হয়।
গত শুক্রবার থেকে প্যারিস এবং এর অভ্যন্তরীণ শহরতলি এলাকায় কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলো ই-স্কুটার, সেগওয়ে এবং হোভারবোর্ডসহ যেকোনো ধরনের মোটরচালিত ব্যক্তিগত বাহন চালকদের জন্য প্রযোজ্য হবে। দিন দিন এই বাহনগুলোর জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৩ সালে ভোটের মাধ্যমে ভাড়া চালিত ই-স্কুটার নিষিদ্ধ করার পর থেকে ফরাসি রাজধানীতে এগুলো বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত মালিকানাধীন ডিভাইস বা স্কুটারগুলো এখনও সেখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
পুলিশ জানিয়েছে, ই-স্কুটারসহ এই মোটরচালিত বাহনগুলোর দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি এবং এর ‘একটি উল্লেখযোগ্য অংশে’ মাথায় গুরুতর বা মারাত্মক আঘাত পাওয়ার জেরে এই সর্বশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফ্রান্সের সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার তথ্যের বরাত দিয়ে প্যারিস পুলিশ জানিয়েছে, ২০২৫ সালে তথাকথিত ‘সুরক্ষাহীন সড়ক ব্যবহারকারীদের’—বিশেষ করে যারা মোটরচালিত ব্যক্তিগত বাহন ব্যবহার করেন—মধ্যে মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। গত বছর এ ধরনের দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছেন, যা আগের বছর ছিল ৪৫ জন।
একই তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১,১০০ জন ই-স্কুটার ব্যবহারকারী গুরুতর আহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
পুলিশ সতর্ক করে জানিয়েছে, হেলমেট না পরলে ১৩৫ ইউরো (১৫৬ ডলার) জরিমানা করা হবে, আর উচ্চ-দৃশ্যমান প্রতিফলক ভেস্ট বা সরঞ্জাম না থাকলে ৩৫ ইউরো জরিমানা করা হবে। এই আদেশটি সরকারি রাস্তাগুলোতে সব সময়ের জন্য কার্যকর থাকবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অন্যান্য শহরগুলোও এই দুই চাকার বাহনগুলোর ওপর কড়াকড়ি আরোপ করেছে। এর অংশ হিসেবে ২০২৪ সালে মাদ্রিদ ভাড়া চালিত ই-স্কুটার নিষিদ্ধ করেছে এবং গত জুনে ব্রাসেলসও একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে।
