প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইল-দ্য-ফ্রঁন্স অঞ্চলের বৃহত্তম অভিবাসী কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি প্রশাসন। গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসন জানায়, উত্তর প্যারিসের পোর্ত দ্য লা ভিলেত এলাকায় অবস্থিত ৪০০ শয্যাবিশিষ্ট এই জরুরি আবাসন কেন্দ্রটি এখন থেকে আর কার্যকর থাকছে না। ২০২২ সালে মূলত ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এটি খোলা হলেও পরবর্তীতে বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য এর দুয়ার উন্মুক্ত করা হয়েছিল। প্রশাসন দাবি করেছে, বর্তমানে অভিবাসীরা দ্রুত শরণার্থী আবেদন করতে পারছেন এবং আবাসনের ব্যবস্থা হওয়ায় পূর্বের মতো ‘জরুরি’ পরিস্থিতি আর নেই, যার ফলে কেন্দ্রটি বন্ধ করা হচ্ছে।
তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে “অপ্রত্যাশিত” এবং “অমানবিক” বলে অভিহিত করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এনজিও ‘ইতুপিয়া ৫৬’ অভিযোগ করেছে যে, কেন্দ্রে থাকা অভিবাসীদের খুব অল্প সময়ের নোটিশে চলে যেতে বলা হয়েছে। সংস্থাটির মতে, অনেককে এমন সব আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হয়েছে যা তাদের সামাজিক বা ব্যক্তিগত প্রয়োজনের তুলনায় উপযুক্ত নয়। এছাড়া অনেককে লিখিতভাবে সতর্ক করা হয়েছে যে, প্রশাসনের দেওয়া প্রস্তাব গ্রহণ না করলে তাদের চলমান আবাসন সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার কেন্দ্রের সামনে একটি বিক্ষোভ সমাবেশও করেছে মানবাধিকার কর্মীরা।
ফরাসি প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৩ হাজার অভিবাসীকে স্থায়ী আবাসনে স্থানান্তর করা হয়েছে। কেন্দ্রটি বন্ধ হওয়ার সময় সেখানে থাকা ২১১ জনের মধ্যে ১২৮ জন নতুন আবাসন প্রস্তাব গ্রহণ করেছেন, তবে প্রায় ৮০ জন অভিবাসী এখনও কেন্দ্রের ভেতর অবস্থান করছেন। অভিবাসীদের আবাসন সংকট মোকাবিলায় প্যারিসে ২০০ শয্যার নতুন একটি কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন, যদিও সেটি কবে নাগাদ চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস বাংলা
