ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসননীতিকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি ফরাসি সরকারকে সীমান্ত বন্ধ করে অভিবাসননীতি কঠোর করার আহ্বান জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে আসা ও অন্তরে ঘৃণা পোষণ করা মানুষের অভিবাসন একসময়ের মহান দেশটিকে ধ্বংস করে দিয়েছে। ফ্রান্স এখন জ্বলছে।’
ফরাসি নেতাদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিন।’
শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। মধ্যাঞ্চলীয় লিমোজ শহরের ঐতিহাসিক টাউন হলসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় পুলিশ ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে আটক করেছে। নির্বাচনের মাত্র ছয় মাস আগে এমন পরিস্থিতি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রশাসনকে চাপে ফেলেছে।
ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ফ্রান্সের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমা উদারপন্থিরা বৈচিত্র্য ও সহানুভূতির নামে ফ্রান্সসহ বিভিন্ন দেশে ‘তৃতীয় বিশ্বকে’ আমদানি করেছে। এ ক্ষেত্রে তারা সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সামঞ্জস্যের মৌলিক প্রশ্নগুলোকে গুরুত্ব দেয়নি।
ভ্যান্স আরও লেখেন, ফ্রান্স অসাধারণ মানুষের দেশ। আরও ঐতিহাসিক স্থাপনা পুড়ে যাওয়ার আগেই এই ‘পাগলামি’ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
