মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬   |   ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা, ইতালীয় ভাষায় যোগাযোগের সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি সরেজমিনে যাচাই করেছে ইতালীয় নিয়োগকারী প্রতিষ্ঠান র‍্যান্ডস্ট্যাড ইতালিয়া।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নে পরিচালিত ‘সাপোর্টিং আ ট্যালেন্ট পার্টনারশিপ উইথ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সফর করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল। এ সময় তারা প্রকল্পের অংশীদারদের সঙ্গে বৈঠক করেন এবং ট্যালেন্ট পার্টনারশিপের প্রশিক্ষণার্থীদের সঙ্গে সময় কাটান।

আইএলও বাংলাদেশের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের ইতালীয় ভাষায় দক্ষতা ও কাজের প্রস্তুতি যাচাইয়ে বিভিন্ন ব্যবহারিক পরিস্থিতি তৈরি করা হয়। একটি পিৎজা তৈরিতে কী কী উপকরণ লাগে, সে বিষয়ে ইতালীয় ভাষায় প্রশ্ন করা হলে প্রশিক্ষণার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন।

এ ছাড়া রক্তচাপ মাপার সময় নির্দিষ্ট হাত বেছে নেওয়ার কারণ জানতে চাওয়া হলে তাঁরা ইতালীয় ভাষায় নিজেদের যুক্তি ব্যাখ্যা করেন এবং একই সঙ্গে কাজটি সম্পন্ন করেন।

প্রশিক্ষণার্থীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতনতাও যাচাই করে র‍্যান্ডস্ট্যাডের প্রতিনিধিদল। তাঁরা জানতে চান, প্রশিক্ষণার্থীরা কেয়ারগিভার নাকি নার্স এবং কেয়ারগিভার হিসেবে পেশির মধ্যে ইনজেকশন (আইএম) বা শিরায় ইনজেকশন (আইভি) দিতে পারবেন কি না। জবাবে প্রশিক্ষণার্থীরা জানান, তাঁরা এ ধরনের ইনজেকশন দিতে পারেন না।

আইএলওর ভাষ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা নিরাপদ ও নির্ভরযোগ্য সেবাদানের গুরুত্বপূর্ণ অংশ। প্রশিক্ষণার্থীদের আচরণ, মনোযোগ দিয়ে কথা শোনা, প্রশ্নের উত্তর দেওয়া এবং চাপের মধ্যে নিজেদের উপস্থাপনের বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।

গত ১৪ অক্টোবর র‍্যান্ডস্ট্যাড ইতালিয়া, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এবং আইএলওর অংশগ্রহণে একটি কর্মভোজ অনুষ্ঠিত হয়। এতে ইতালির নিয়োগদাতাদের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে কর্মীদের যোগ্যতার সামঞ্জস্য এবং ইতালির সমন্বিত অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

পরবর্তী পর্যায়ে চিহ্নিত চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের সঙ্গে সম্ভাব্য নিয়োগদাতাদের সংযোগ স্থাপনে কাজ করবে র‍্যান্ডস্ট্যাড। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইন সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে প্রশিক্ষণার্থীদের আরও প্রস্তুত করতে কর্মক্ষেত্রভিত্তিক ইতালীয় ভাষার অনুশীলন, পরিচর্যা ও আতিথেয়তা খাতের বাস্তব পরিস্থিতি নিয়ে ভূমিকাভিত্তিক প্রশিক্ষণ, চিকিৎসাসেবার নিয়মিত কাজের ব্যবহারিক অনুশীলন এবং সাক্ষাৎকারের প্রস্তুতি জোরদার করবে আইএলও ও এর অংশীদাররা। এ ছাড়া সিভি পরিমার্জন, কর্মক্ষেত্রে আচরণ ও যোগাযোগ দক্ষতা, ইতালির সংস্কৃতি সম্পর্কে ধারণা এবং আইএলওর ন্যায্য নিয়োগনীতি অনুসারে দেশ ছাড়ার আগের প্রস্তুতিমূলক প্রশিক্ষণও দেওয়া হবে।

এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও ইতালির শ্রমবাজারের চাহিদার মধ্যে সামঞ্জস্য তৈরি করে নিরাপদ, ন্যায্য ও দক্ষ শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানো।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version