শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির কোলন বন বিমানবন্দরে এক যাত্রীর স্যুটকেস থেকে ৯২টি সাপ ও ৫৫টি টিকটিকি উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। উদ্ধার করা সাপগুলোর মধ্যে ৩৭টি ছিল বিষধর।

মেক্সিকোর ওই যাত্রীর বয়স ৪৫ বছর। পেশায় অগ্নিনির্বাপক ওই ব্যক্তি মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে কোলন বন বিমানবন্দরে পৌঁছান। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেন। প্রয়োজনীয় পরীক্ষায় তাঁর শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

পরে তাঁর স্যুটকেস তল্লাশি করে প্লাস্টিকের খাবারের পাত্র, শ্যাম্পুর বোতল, প্রসাধনীর কৌটা ও মোজার ভেতর লুকিয়ে রাখা সাপগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে র‍্যাটলস্নেকসহ ৩৭টি ছিল বিষধর। এ ছাড়া বিভিন্ন প্রজাতির ৫৫টি টিকটিকিও পাওয়া যায়।

বিমানবন্দরের শুল্ক কার্যালয়ের মুখপাত্র ইয়েন্স আহলান্ড বলেন, মেক্সিকো থেকে স্যুটকেসে করে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি আনা হচ্ছিল। ‘এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি’, বলেন তিনি।

জানা গেছে, ছোট জায়গায় আটকে রাখা এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় যাত্রাপথে অথবা উদ্ধারের পরপরই বেশ কয়েকটি প্রাণী মারা যায়। বেঁচে থাকা প্রাণীগুলোর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই যাত্রী দাবি করেন, তাঁর পরিচিত এক ব্রাজিলীয় ব্যক্তির অনুরোধে প্রাণীগুলো ইউরোপে নিয়ে যাচ্ছিলেন তিনি।

জার্মান সীমান্ত কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে তাঁকে ইস্তাম্বুলগামী একটি ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version