সোমবার, ৩রা আগস্ট, ২০২৬   |   ১৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করা কোনো অপরাধ নয় বলে রায় দিয়েছেন জার্মানির একটি আদালত। সম্প্রতি আইন বিষয়ক ওয়েবসাইট ‘বেক অনলাইন’-এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু’।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী তাঁর বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টে ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনামলের সঙ্গে তুলনা করেছিলেন। এ সময় তিনি নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেন।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাইব্রুকেনের একটি উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিয়েছেন। আদালতের মতে, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়; কারণ সংশ্লিষ্ট ব্যক্তি ইসরায়েল রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করতে গিয়ে ওই প্রতীকগুলো ব্যবহার করেছিলেন।

অভিযুক্ত নারী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিল পোস্ট করেছিলেন। সেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ওই ছবির ওপরের অংশে একদিকে ইসরায়েলের পতাকা এবং অন্যদিকে আংশিক দৃশ্যমান স্বস্তিকা চিহ্নসহ নাৎসি পার্টির পতাকা জুড়ে দেওয়া হয়েছিল।

অপর একটি পোস্টে একটি দেয়ালচিত্রের ছবি দেখা যায়, যেখানে ডেভিড তারকার মাঝখানে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। দেয়ালের ওপর থেকে সৈন্যরা গুলি চালাচ্ছিল এবং দেয়ালের তলদেশ দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল। 

পোস্টটিতে ওই ব্যবহারকারী #freepalestine এবং #gazaunderattack হ্যাশট্যাগও ব্যবহার করেছিলেন।

এর আগে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮৭২ টাকা) জরিমানা করেছিল। তবে আপিলে জাইব্রুকেনের উচ্চতর আদালত নিম্ন আদালতের সেই জরিমানার নির্দেশটি বাতিল করে দেন।

আনাদোলু

শেয়ার
মতামত দিন...

Exit mobile version