রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬   |   ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের গাড়িবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় ফিলিস্তিনি জলপাই চাষিদের সঙ্গে সংহতি জানাতে যাওয়া ৭৮ বছর বয়সী এক ফরাসি মেয়রকেও মারধর করা হয়।

শনিবারের এ ঘটনার খবর প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর এক দিন আগে বসতি স্থাপনকারীদের হামলায় আহত হন মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রী। এসব ঘটনার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান ‘সংকট’ নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আগামী ২৭ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সামনে রেখে অঞ্চলটিতে সহিংসতা বাড়ছে। একই সময়ে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। তবে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বারবার ব্যাহত হচ্ছে এই কার্যক্রম। নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সমর্থনপুষ্ট কট্টর ডানপন্থীদের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন।

শনিবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর অলনোয়া-এমেরিসের মেয়র বের্নার্ড বোদু জানান, পশ্চিম তীরে ফিলিস্তিনি জলপাই চাষিদের প্রতি সংহতি জানাতে গেলে মুখোশধারী বসতি স্থাপনকারীরা তাঁর ওপর হামলা চালায়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেরুজালেমে নিযুক্ত ফ্রান্স ও বেলজিয়ামের শীর্ষ প্রতিনিধিরা এবং পোল্যান্ডের একজন কূটনীতিক। হামলাকারীরা ফ্রান্সকে নিয়ে কটূক্তি করে। একপর্যায়ে মেয়রকে লাথি মারার পাশাপাশি লোহার রড দিয়ে পেটায় তারা।

এএফপিকে বোদু বলেন, ‘আমার মনে হয়, বসতি স্থাপনকারীরা যদি এমন আচরণ করার সাহস পায়, তাহলে বুঝতে হবে ইসরায়েল সরকার নীরবে এতে সম্মতি দিচ্ছে বা তাদের প্রশ্রয় দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখানে আসলে কী ঘটছে, তা গোটা বিশ্বের জানা দরকার। আমার কথা যদি বলি, আমি নিজের দেশে ফিরে যাব, আমার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের, যাঁরা এখানেই থেকে যাচ্ছেন।’

ফ্রান্সের জাতীয় পতাকার তিন রঙের ফিতাযুক্ত পোশাক পরা মেয়র বোদুকে হামলার পর একটি গাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়। তবে তাঁর আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়নি।

এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ইসরায়েলকে অবিলম্বে এই ‘অপরাধমূলক সহিংসতা বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মেয়রের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের আহ্বান জানিয়েছেন।

এর আগের দিন বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন দ্য ওয়াশিংটন পোস্টের মার্কিন আলোকচিত্রী হাইডি লেভিন। ওই হামলায় তাঁর মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। শনিবার পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version