ইউরোপের দেশ ইতালির মেস্ত্রে এলাকায় সম্প্রতি এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। উগ্র ডানপন্থী নেত্রী ও স্থানীয় মেয়র আনা মারিয়া সিসিন্ট যখন একদল বিক্ষোভকারী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের নামাজ আদায়ে বাধা দিতে আসেন, তখন পরিস্থিতি চরম উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু দীর্ঘদিনের উস্কানি ও বাধার মুখেও প্রবাসী বাংলাদেশিরা বেছে নিলেন ইসলামের প্রকৃত শিক্ষার ও শান্তির পথ।
বিক্ষোভকারীদের ঘৃণা ও উগ্র স্লোগানের জবাবে বাংলাদেশিরা কোনো পাল্টা প্রতিবাদ বা বিশৃঙ্খলা করেননি। বরং পরম মমতায় তারা বিক্ষোভকারীদের দিকে বাড়িয়ে দিলেন ঈদের মিষ্টির প্যাকেট। যা আন্দোলনকারীদের হতবাক করে।
উল্লেখ্য, মেয়র আনা মারিয়া সিসিন্ট দীর্ঘ সময় ধরে এই এলাকায় মুসলিমদের, বিশেষ করে বাংলাদেশিদের নামাজ পড়ার অধিকার ও সাংস্কৃতিক কেন্দ্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন। এর আগেও ২০২৪ সালের দিকে যখন বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, তখনো স্থানীয় বাংলাদেশিরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারা কোনো ধর্মীয় স্লোগান না দিয়ে ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ হিসেবে ইতালির জাতীয় পতাকা হাতে নিয়েছিলেন এবং সমবেত কণ্ঠে ইতালির জাতীয় সংগীত গেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল এটি প্রমাণ করা যে, তারা ইতালির আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এখানকার সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।
সাম্প্রতিক এই মিষ্টি বিতরণের ঘটনাটি সেই দীর্ঘদিনের অহিংস আন্দোলনেরই একটি নতুন ও ইতিবাচক ধাপ। সহনশীলতা এবং সম্প্রীতির এই উজ্জ্বল উদাহরণ আজ সারা বিশ্বের জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। মেস্ত্রের রাজপথে প্রবাসীদের এই মানবিক আচরণ স্থানীয় ইতালিয়ানদের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশংসায় ভাসছে।
