সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬   |   ২৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির তাসকানি অঞ্চলের একটি বিখ্যাত ওয়াইনারি থেকে প্রায় ৩০ হাজার বোতল দামি মদ চুরি করেছে একদল দুর্বৃত্ত। চুরি হওয়া এসব মদের আনুমানিক মূল্য ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকা। উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দাবি, ইতালির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মদ চুরির ঘটনা।

চুরির ঘটনাটিআরেজ্জো প্রদেশের করতোনা শহরের কাছে মার্চেসি আন্তিনোরি ওয়াইনারিতে ঘটেছে। ৩ অক্টোবর রাতে অন্তত সাতজনের একটি দল সেখানে ঢুকে সোলাইয়া, তিগনানেল্লো ও গুয়াদো আল তাসোর মতো দামি ব্র্যান্ডের মদ নিয়ে যায়। ৫ অক্টোবর চুরির বিষয়টি ধরা পড়লেও তদন্তে ব্যাঘাত এড়াতে শুক্রবার (৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেনজো কোটারেল্লা জানান, চোরেরা প্রথমে নিরাপত্তা অ্যালার্ম ও নজরদারি ক্যামেরা অচল করে দেয়। এরপর দুটি বড় ট্রাক নিয়ে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানের ফর্কলিফট ব্যবহার করে মদের বোতলগুলো ট্রাকে তোলে। পরে রাতের অন্ধকারে তারা পালিয়ে যায়।

কোটারেল্লা বলেন, চোরের দলটি অত্যন্ত পরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইতালির অন্য ওয়াইনারিগুলোতেও একই দল চুরি করে থাকতে পারে। এত বিপুল পরিমাণ ও মূল্যের মদ চুরির ঘটনা আগে ইতালিতে ঘটেনি।

চুরি হওয়া সব বোতলই ২০২৩ সালের। প্রতিটি বোতলের খুচরা দাম সাধারণত ১৫০ থেকে ৫০০ ইউরোর মধ্যে। এর মধ্যে প্রায় ১০ হাজার বোতল ছিল সোলাইয়া ব্র্যান্ডের, যা প্রতিষ্ঠানটির অন্যতম সেরা মদ হিসেবে পরিচিত। কোটারেল্লার ভাষায়, ২০২৩ সাল ছিল এই মদের জন্য ব্যতিক্রমী একটি বছর।

১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি প্রতিষ্ঠানটি ২৬ প্রজন্ম ধরে আন্তিনোরি পরিবারের পরিচালনায় রয়েছে। চুরি হওয়া মদ যাতে অবৈধভাবে বিক্রি করা না যায়, সে জন্য বিশ্বজুড়ে গ্রাহকদের সতর্ক করছে প্রতিষ্ঠানটি। অনুমোদিত বিক্রয়কেন্দ্রের বাইরে কেউ এসব মদ বিক্রির প্রস্তাব দিলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

চুরি হওয়া মদ কোথায় এবং কীভাবে বিক্রি করা হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা নজরদারি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পরীক্ষা করছেন। কোটারেল্লা আশা প্রকাশ করেছেন, তদন্তকারীরা মদের চালান শনাক্ত করতে পারবেন। কারণ, দুটি বড় ট্রাকে এত বিপুল পরিমাণ মদ পরিবহন করলে তা সহজে নজর এড়ানোর কথা নয়।

এর আগে ২০১৭ সালে ইতালির আদ্রিয়াটিক উপকূলের পর্যটন শহর চেরভিয়ার কাছে একটি গুদাম থেকে প্রায় ২ হাজার বোতল দুর্লভ মদ চুরি হয়েছিল। সেগুলোর মূল্য ছিল প্রায় ৭ লাখ ৫০ হাজার ইউরো। এবারের চুরির পরিমাণ ও মূল্য আগের ঘটনাকে ছাড়িয়ে গেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version