বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬   |   ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

 মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি। বুধবার দেশটির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

প্রধানমন্ত্রী মেলোনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পথ অনুসরণ করেই ইতালি এই পদক্ষেপ নিয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এই সহায়তা কেবল মিত্রদের রক্ষার জন্য নয়, বরং সেখানে অবস্থানরত হাজার হাজার ইতালীয় নাগরিক ও প্রায় ২ হাজার সেনার নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের পরমাণু সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিনই ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। এর জবাবে ইরানের প্রতিরক্ষা বাহিনীও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে ইতালির সামরিক ঘাঁটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমানসহ উপসাগরীয় ৬টি দেশে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় রোম।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version