সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬   |   ১লা , ১৪৩২ বঙ্গাব্দ

 ইতালির ভেনিস প্রদেশের সান দোনা শহরে এক বাংলাদেশি ব্যবসায়ীর ওপর ক্রমাগত হামলা ও প্রাণনাশের হুমকির খবর পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আলম শেখ নূরা গত চার মাস ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বারবার হামলার শিকার হওয়ায় তাঁর চার সন্তান ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।সান দোনা শহরের প্রাণকেন্দ্র ‘ভিয়া থার্টিন মার্টিরিতে গত চার মাস আগে ‘Spice’ নামে একটি খাবারের দোকান চালু করেন আলম শেখ। 

যেখানে ইতালীয় পিজ্জার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করা হয়। দোকানটি চালু করার মাত্র কয়েকদিনের মাথায় প্রথম হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গত বুধবার আবারও তাঁর ওপর আক্রমণ ও নতুন করে হুমকি দেওয়া হয়।

আলম শেখের ধারণা, স্থানীয় ব্যবসায়িক প্রতিযোগিতার জের ধরেই এই হামলা চালানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে তাঁর দোকানে গ্রাহকদের ভিড় ও ব্যবসায়িক সাফল্য দেখে স্থানীয় অন্য কিছু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে উঠতে পারেন। এই আতঙ্ক ও অনিশ্চয়তার কারণে তিনি এখন দোকান খোলা রাখা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁর চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুর বয়স মাত্র তিন মাস।

ব্যবসায়ী আলম শেখ নূরা ইতিমধ্যেই স্থানীয় পুলিশ কে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় তিনি বিষয়টি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন। বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং তারা আলমের পরিবারের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version