বিমানে ছারপোকার উপদ্রব দেখা দেওয়ায় ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কোয়ান্টাস এয়ারলাইনস। শনিবার (১০ অক্টোবর) রোম থেকে পার্থগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির যাত্রা স্থগিত করা হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটটির আগের যাত্রায় পার্থ থেকে রোম যাওয়ার পথে ছারপোকার কামড়ে ভোগান্তিতে পড়েন কয়েকজন যাত্রী। প্রায় ১৭ ঘণ্টার ওই যাত্রায় যাত্রীরা অভিযোগ করেন, বিমানে থাকা পোকা তাদের কামড়াচ্ছে। কামড়ের কারণে সৃষ্ট চুলকানি ও অস্বস্তি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়। তবে একপর্যায়ে ওষুধের সরবরাহও শেষ হয়ে যায়।
ঘটনার পর কোয়ান্টাসের এক মুখপাত্র বিবিসিকে জানান, বিমানে ছারপোকার উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে শনিবারের রোম-পার্থ ফ্লাইটটি বাতিল করা হয়। ইকোনমি ক্লাসের কয়েকটি আসনে সমস্যাটি দেখা দেওয়ার পর প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দল বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে।
এ ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কোয়ান্টাস। মূল যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে সব যাত্রীকে বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
ছারপোকা ছোট, ডানাবিহীন পোকা। এগুলো সাধারণত আসবাবপত্র, পোশাক ও বিছানায় বাসা বাঁধে। ছারপোকার কামড়ে সাধারণত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি না হলেও তীব্র চুলকানি ও অস্বস্তি হতে পারে।
বিমানে ছারপোকার উপদ্রবের কারণে যাত্রা ব্যাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা ও ট্রেন পরিষেবায় ছারপোকার উপস্থিতির কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
