শুক্রবার, ১লা মে, ২০২৬   |   ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির লেইজ শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নয়ন শেখ (২১) নিহতের এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই হুমায়ুন শেখ (২৭) বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ভিডিও কল দিয়ে রক্তাক্ত মরদেহ দেখান এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। নিহত নয়ন ও অভিযুক্ত হুমায়ুন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই হুমায়ুন ভিডিও কলে দেশে থাকা স্বজনদের কাছে নৃশংস এই খুনের ঘটনা বর্ণনা করেন। ফোনের স্ক্রিনে ছোট ছেলের নিথর ও রক্তাক্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে অন্য ভাই খুনের খবরটি তারা পেয়েছেন। তিনি আরও জানান, নিহতের স্ত্রী কিছুদিন আগেই পারিবারিক কলহের জেরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিবারটি এখন মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছে।

তথ্যসূত্র: এনটিভি অনলাইন

শেয়ার
মতামত দিন...

Exit mobile version