বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর, ২০২৬   |   ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির বারি শহরে বাসের সঙ্গে ইলেকট্রিক স্কুটারের সংঘর্ষে জিয়াউর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ফেনী জেলায়। তিনি শহরটির একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘লা রেপুব্লিকা’ ও ‘কোতিদিয়ানো দি পুলিয়া’র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বারি শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনের মতো কাজ শেষে ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন জিয়াউর। শহরের কোরসো ভিত্তোরিও এমানুয়েলে ও পিয়াচা মাসসারির মাঝামাঝি এলাকায় পৌঁছালে গণপরিবহন সংস্থা আমতাবের একটি বাসের সঙ্গে তার স্কুটারের সংঘর্ষ হয়।

বাসটি ডান দিকে মোড় নেওয়ার সময় স্কুটারটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই জিয়াউরের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে পরিবহন সংস্থা আমতাব। এক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংস্থাটি বলেছে, দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষকেও সহযোগিতা করা হচ্ছে।

আমতাবের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, বাসটি নির্ধারিত রুট ও নিয়ম মেনেই চলছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রায় দুই বছর আগে উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমান জিয়াউর রহমান। রোমে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version