ইতালির ভেনিস প্রদেশের কাম্পানিয়া লুপিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রফিকুল ইসলাম (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্যস্ততম রোমিয়া মহাসড়কে একটি লরি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম তার ব্যক্তিগত রেনল্ট গাড়িটি চালিয়ে রোমিয়া হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। বিকেল ৪টার কিছু আগে দ্রুতগামী লরির সাথে তার গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে রফিকুলের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার ফলে রোমিয়া মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় চার ঘণ্টা রাস্তাটি বন্ধ রেখে উদ্ধারকাজ চালায় ।
নিহত রফিকুল ইসলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাছগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ভেনিসের মেস্ত্রে এলাকার ভিয়া আলেয়ার্দিতে একজন সুপরিচিত ও প্রতিষ্ঠিত মুদি ব্যবসায়ী ছিলেন। প্রবাসে একজন সফল ব্যবসায়ী হিসেবে তার বেশ পরিচিতি ছিল। তার আকস্মিক মৃত্যুতে ভেনিস ও মেস্ত্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
