শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬   |   ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে প্রবাসী বাঙালিরা। বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে রোমের রাজপথে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্য। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির শেকড়কে পরিচয় করিয়ে দেওয়া এবং বিশ্ববাসীর সামনে বাংলাদেশের কৃষ্টিকে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, প্রবাসে ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের ঐতিহ্যকে ধারণ করা এবং আমাদের সংস্কৃতিকে বিদেশিদের কাছে পরিচিত করার লক্ষ্য নিয়ে আমরা এই উৎসবের আয়োজন করেছি। এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের হৃদয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ জাগিয়ে তোলা।

আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি অনেক বিদেশি দর্শনার্থীও গভীর আগ্রহের সাথে এই আয়োজন উপভোগ করেন। অনেক বিদেশি নাগরিককে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে শামিল হতে দেখা যায়। লোকজ সংগীত ও নৃত্যের তালে তালে পুরো অনুষ্ঠানস্থল এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। বিদেশের মাটিতে বাংলাদেশের এমন চমৎকার উপস্থাপন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version