বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬   |   ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারোগেট মায়ের সহায়তায় প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান।

ইনস্টাগ্রামে জেটেন লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ পোস্টের সঙ্গে শিশুর মাথা ও দুধের বোতলের ইমোজিও দিয়েছেন তিনি।

সন্তান জন্মের এ প্রক্রিয়ায় সহায়তার জন্য ডিম্বাণু দাতা, সারোগেট মা ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেটেন। তিনি বলেন, তাঁদের সহায়তা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।

৩৯ বছর বয়সী জেটেনের সঙ্গে কিনানের বাগদান হয়েছে। চলতি গ্রীষ্মে তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও এ বছর প্রধানমন্ত্রী হওয়ার পর অনুষ্ঠানটি পিছিয়ে দেন তাঁরা।

এক বছর আগে জেটেনের দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন।

ডি৬৬ জানিয়েছে, সারোগেট মা ও ডিম্বাণু দাতা দুজনই জেটেন ও কিনানের ডাচ বন্ধু। তাঁদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তাঁরা এ দম্পতিকে সন্তান লাভে সহায়তা করছেন।

নেদারল্যান্ডসে সারোগেট মায়ের জন্য অর্থ প্রদান আইনত নিষিদ্ধ। জেটেনের দল জানিয়েছে, এ ‘হাই-টেক’ গর্ভধারণ দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। নেদারল্যান্ডসে আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার মাধ্যমেই এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ডি৬৬ আরও জানিয়েছে, সন্তানের জন্মের সময় পরিবারের সঙ্গে থাকতে কয়েক দিনের ছুটি নেবেন জেটেন। তবে দীর্ঘ মেয়াদে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা নেই তাঁর।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version