বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬   |   ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি ও ব্যক্তিগত গাড়ি চালানোর খরচ বাড়তে থাকায় গণপরিবহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে মাত্র ২.৫০ ইউরোয় এক লাখ বাস টিকিট বিক্রির বিশেষ অফার চালু করেছে পর্তুগালের বাস অপারেটর রেদে এক্সপ্রেসোস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুরু হওয়া ‘পুকোশিনিউ’ (Poucochinho) নামের এই প্রচারণার আওতায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যাত্রার জন্য টিকিট কেনা যাবে। তবে টিকিট কেনার শেষ সময় ১২ নভেম্বর। নির্ধারিত এক লাখ টিকিট বিক্রি শেষ হয়ে গেলে এ অফার আর পাওয়া যাবে না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ অফারে পর্তুগালের কয়েকশ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। ফলে অল্প খরচে দেশটির বিভিন্ন পরিচিত শহরে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।

লিসবন থেকে ফাতিমা, কোইমব্রা, এভোরা ও কোভিলহায় যাওয়ার কিছু বাসের টিকিট পাওয়া যাচ্ছে ২.৫০ ইউরোয়। এমনকি পোর্তো থেকে লিসবন যাওয়ার কিছু যাত্রার টিকিটও একই দামে কেনা যাচ্ছে।
তবে রুট ও যাত্রার তারিখ অনুযায়ী টিকিটের দাম এবং প্রাপ্যতা ভিন্ন হতে পারে।

রেদে এক্সপ্রেসোসের ব্যবস্থাপনা পরিচালক নেলসন সিলভা বলেন, জ্বালানির দাম বাড়লে বাস পরিচালনাসহ পরিবহন খাতের পুরো ব্যবস্থার ওপরই চাপ পড়ে।

তিনি বলেন, “তা সত্ত্বেও আমরা দেখাতে চাই, জ্বালানির দাম বাড়লেই যে যাত্রার খরচ বাড়াতে হবে, এমন নয়।”

গণপরিবহন ব্যবহারে আরও বেশি মানুষকে উৎসাহিত করার মাধ্যমে পরিচালনগত দক্ষতা বাড়ানো, পরিবহন নেটওয়ার্ক শক্তিশালী করা এবং প্রতিযোগিতামূলক ভাড়ায় যাত্রীসেবা চালু রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version