মঙ্গলবার, ২৪ই নভেম্বর, ২০২৬   |   ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ আজোরেসে বসবাসরত বিদেশি নাগরিকেরা আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে এর ৯টি দ্বীপেই অভিবাসন সংক্রান্ত সব সেবা পাওয়ার সুযোগ পাবেন। প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমাতে এবং নথিপত্র বৈধকরণের প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নিয়েছে অঞ্চলটির আঞ্চলিক সরকার।

নতুন এই সম্প্রসারণ পরিকল্পনার আওতায় সান্তা মারিয়া, কোরভো এবং গ্রাসিওসা দ্বীপে সেবা চালু করা হবে। বর্তমানে পর্তুগালের মূল অভিবাসন সংস্থা ‘এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম’ (আইমা) এবং আজোরেস সরকারের মধ্যকার বিদ্যমান চুক্তির বাইরে রয়েছে এই তিনটি দ্বীপ।

হালনাগাদ সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ সান্তা মারিয়া দ্বীপে সেবা কার্যক্রম শুরু হবে। এরপর ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে কোরভো এবং গ্রাসিওসা দ্বীপেও নাগরিক সহায়তা কেন্দ্রগুলোর আঞ্চলিক নেটওয়ার্ক ‘রিয়াক’-এর মাধ্যমে এই সেবা চালু হবে।

গত ১৭ নভেম্বর অভিবাসনবিষয়ক আঞ্চলিক পরামর্শক পরিষদের (সিসিআরএআই) এক বৈঠকে আজোরেসের পার্লামেন্টারি বিষয়ক ও অভিবাসী সম্প্রদায়ের আঞ্চলিক সচিব পাওলো এস্তেভাও এই ঘোষণা দেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি সেবাগুলো বিদেশি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে সাধারণ নথিপত্রের কাজের জন্য তাদের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে না হয়।

সেবার আওতা ও জনসংখ্যা
এর আগে গত মার্চে পন্তা দেলগাদায় রিয়াক কার্যালয়ে আইমার একটি সার্ভিস পয়েন্ট উদ্বোধনের মাধ্যমে সেবা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সে সময় ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে পুরো দ্বীপপুঞ্জকে সেবার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নতুন সময়সূচি অনুযায়ী তা ২০২৭ সালের শুরুতে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।

মার্চের ওই ঘোষণায় আঞ্চলিক সরকার জানিয়েছিল, আজোরেস দ্বীপপুঞ্জে প্রায় ৯ হাজার অভিবাসী বাস করছেন, যা অঞ্চলটির মোট জনসংখ্যার ৪ শতাংশেরও কম।

সেবা বাড়ানোর পাশাপাশি রেসিডেন্স পারমিট ও নথিপত্র নিয়মিতকরণের প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘অ্যাসোসিয়েশন অব ইমিগ্র্যান্টস ইন দ্য আজোরেস’ (আইপা) এবং ‘ক্রেসাসোর’-এর সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। এই সংস্থা দুটি রিয়াক কাউন্টারে জমা দেওয়ার আগে বিদেশি নাগরিকদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সরাসরি সহায়তা করবে। এর ফলে অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আবেদন আটকে থাকার জটিলতা কমবে।

ভাষা শিক্ষা ও একীভূতকরণ কার্যক্রম
সিসিআরএআইয়ের বৈঠকে অভিবাসীদের ভাষা শিক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। স্থানীয় সমাজে বিদেশি নাগরিকদের একীভূত হওয়ার ক্ষেত্রে পর্তুগিজ ভাষায় দক্ষতা অর্জনকে অন্যতম প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে সাও মিগুয়েল, তেরসেইরা এবং ফাইয়াল দ্বীপে আঞ্চলিক সরকারের অর্থায়নে ‘হোস্ট ল্যাঙ্গুয়েজ’ হিসেবে পর্তুগিজ ভাষা কোর্স চালু রয়েছে। সাও মিগুয়েলে এই কোর্স পরিচালনা করছে ক্রেসাসোরের অভিবাসী সহায়তা কার্যালয় এবং তেরসেইরায় দায়িত্ব পালন করছে আইপা। অন্যদিকে ফাইয়াল দ্বীপে কোর্সটি পরিচালনা করছে হোর্তা পৌর পরিষদ।

এ ছাড়া আজোরেস বিশ্ববিদ্যালয় ‘বিদেশি ভাষা হিসেবে পর্তুগিজ’ শীর্ষক একটি নতুন কোর্স চালুর প্রস্তুতি নিচ্ছে, যা ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি আইমার ২০২৫ সালের প্রতিবেদনের তথ্যও বৈঠকে পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে গঠিত এবং ২০২২ সালে পুনরায় সক্রিয় হওয়া ‘সিসিআরএআই’ মূলত অভিবাসন বিষয়ে আঞ্চলিক সরকারকে পরামর্শ দিয়ে থাকে। বিভিন্ন অভিবাসী সংগঠন, সামাজিক অংশীদার ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে অভিবাসীদের মূল সমাজে সম্পৃক্ত করতে কাজ করে এই পরিষদ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version