সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬   |   ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের মধ্যাঞ্চলীয় শহর এন্ত্রনকামেন্তোয় কট্টর ডানপন্থী রাজনৈতিক দল শেগার (Chega) জাতীয় সম্মেলনস্থলে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার রাতের এ ঘটনায় প্রায় ২ হাজার মানুষকে সম্মেলনস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় সম্মেলনের উদ্বোধনী রাতের অনুষ্ঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) একটি উড়ো ফোন পায়। ফোনে দাবি করা হয়, শেগার সপ্তম জাতীয় সম্মেলন যে পৌর ক্রীড়া প্যাভিলিয়নে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে একটি বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছে।

হুমকির পর রাত ১০টা ৫৫ মিনিটে পুলিশ সম্মেলনস্থল খালি করার কাজ শুরু করে। নিরাপত্তা নিশ্চিত করতে ভবনটিতে তল্লাশি চালানোর জন্য বিশেষ পুলিশ ইউনিটের (ইউইপি) বিশেষজ্ঞ দল ও বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়।

রাতভর তল্লাশির পর শনিবার ভোররাত ২টা ৭ মিনিটে অভিযান শেষ হয়। তবে সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পরে পুলিশ নিশ্চিত করে, বোমা হামলার হুমকিটি ছিল সম্পূর্ণ ভুয়া। তদন্তের মাধ্যমে ফোনকলটির জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে আনুষ্ঠানিকভাবে মামলার সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সিএনএন পর্তুগালের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেই ফোন করে বোমাতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করেছেন। তবে ঘটনাস্থলে তাকে হাতেনাতে আটক করা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

মামলাটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সরকারি কৌঁসুলির কার্যালয়ে পাঠানো হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version