শনিবার, ৭ই মার্চ, ২০২৬   |   ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগাল’ (সিআরসিআইপিটি) এ আয়োজন করে।

গত ২৮ ফেব্রুয়ারি লিসবনের লাইকা পর্তুগিজ স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রমজানের তাৎপর্য তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা আবু নাঈম মু শহীদুল্লাহ্, বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা রানা তাসলিম উদ্দিন, লিসবন মুসলিম কমিউনিটির সভাপতি ড. ইকবাল মাহমুদ, জোয়াও হেনরিক ও মার্তিম মনিজ মসজিদের সভাপতি মো. মোশারফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিসবন শিল্পী গোষ্ঠীর পরিচালক ও কমিউনিটি নেতা এস এম জাবেদ সরকার।

আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, সংযম ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা আবু নাঈম মু শহীদুল্লাহ্ বলেন, পর্তুগালের আইন মেনে চলেই এখানে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি চর্চা করেন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেন। ইসলাম ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

ইফতারের আগে রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন সংগঠনের সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শেষপর্বে ইফতারের আগে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version