রেলপথের আধুনিকায়ন কাজের অংশ হিসেবে পর্তুগালের দোউরো (Douro) লাইনে মার্কো দে কানাভেসেস এবং পেসো দা রেগুয়া রুটে ট্রেন চলাচল আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ সময়ে রেলযাত্রীদের সেবা দিতে ওই অংশে বিকল্প বাস পরিষেবা চালু করেছে জাতীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কম্বোইওস দে পর্তুগাল’ (সিপি)।
রেল সংস্কারকাজের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ‘ইনফ্রায়েস্ত্রুতুরাস দে পর্তুগাল’ (আইপি) জানিয়েছে, দোউরো লাইনের এই অংশে ২০২৭ সালের ২৫ মার্চ থেকে পুনরায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। পর্তুগালের পোর্তো জেলার মার্কো দে কানাভেসেস এবং ভিলা রিয়াল জেলার পেসো দা রেগুয়ার মধ্যবর্তী অংশে ১১ কোটি (১১০ মিলিয়ন) ইউরো ব্যয়ে এই আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে; যার কারণে টানা প্রায় পাঁচ মাস এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আজ থেকেই ট্রেন সেবার বিকল্প হিসেবে কাইদে ও রেগুয়ার মধ্যে সরাসরি বাস চালু করেছে সিপি। একই সঙ্গে মার্কো দে কানাভেসেস থেকে রেগুয়া পর্যন্ত সব মধ্যবর্তী স্টেশনে থামবে এমন লোকাল বাস সার্ভিসও দেওয়া হচ্ছে। স্টপগুলো হলো—মস্তেইরো, আরেগোস, মিরাও, এরমিদা, রেদে এবং কালদাস দে মোলেদো।
সিপি জানিয়েছে, আবহাওয়া এবং সড়কের ট্রাফিকের ওপর ভিত্তি করে এই বিকল্প বাসের ভ্রমণ সময় কিছুটা কম-বেশি হতে পারে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে যে এই বিকল্প বাসে কোনো ধরনের সাইকেল, স্কুটার বা হুইলচেয়ার পরিবহণ করা যাবে না।
নিয়মিত যাত্রী এবং পর্যটক—উভয় দিক থেকেই বছরের এই শীতকালীন সময়ে রেলে যাত্রীদের চাপ সবচেয়ে কম থাকে। তাই এই দীর্ঘ মেয়াদের সেবা স্থগিতের ফলে যেন সাধারণ মানুষের ওপর ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেজন্যই শীতকালকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
