সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬   |   ২৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।

বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী হিসেবে কাজ করে।

সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথও অনেকটা নিশ্চিত হতে পারে।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। এসপিডি আগেই প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে জার্মানির প্রেসিডেন্ট হন। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর পূর্ণ হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।

জার্মানির প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করেন তিনি।

চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল সিএসইউ। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের বিবেচনায় রাখায় তাঁকে সমর্থন জানাতে দেরি করে সিডিইউ। এতে দল দুটির মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version